প্রিন্সিপালের বানী

শিক্ষাই জাতির মেরুদন্ড। যে জাতি শিক্ষায় যত অগ্রসর সে জাতি তত উন্নত। দেশকে দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই। এই মর্ম উপলব্ধি থেকেই এই অঞ্চলের কিছু জ্ঞানী-গুনী, শিক্ষিত ও মহৎ ব্যক্তির প্রচেষ্টায় ১৯১৪ খ্রীস্টাব্দে গাইবান্ধা জেলার তৃতীয় হাইস্কুল গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল। দিন আসে দিন যায়, মাস আসে মাস যায়, আসে বৎসর সেও পেরিয়ে যায়, মিশে যায় অনন্তকালের অতলে। প্রতিনিয়ত কালের গর্ভে হারিয়ে যায় দিন, ক্ষণ, মাস, বছর ও যুগ। ১৯১৪ খ্রি. থেকে এক, দুই, তিন করে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে চলেছে দেশের উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়। গাইবান্ধা জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত বিদ্যালয়টি সুদীর্ঘ ঐতিহ্য ও চলমান ইতিহাসের অংশ হিসাবে দীর্ঘ পথচলায় জন্ম দিয়েছে অনেক কৃতিসন্তান। গত একশত বছরে এই প্রতিষ্ঠান থেকে বেরিয়ে সমাজের বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ন অবদান রেখে চলেছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা প্রশাসনিক, রাজনৈতিক, শিক্ষা, সামাজিক, চিকিৎসা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রভৃতি ক্ষেত্রে দেশের শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দিয়ে চলেছেন এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই। শিক্ষার আলো বিস্তারে শতবর্ষের ঐতিহ্য বহনের কৃতিত্ব অর্জনকারী অত্র প্রতিষ্ঠান থেকে বেরিয়ে অনেকেইে সুপ্রতিষ্ঠিত হয়ে দেশ ও বিদেশে বিভিন্ন স্থানে কর্মরত আছেন। এটা বিদ্যালয়ের জন্য অনেক গৌরবের। "জ্ঞানই শক্তি, দক্ষতায় মুক্তি" এই মন্ত্রকে ধারণ করে আমাদের প্রতিষ্ঠান শিক্ষার আলোকধারা সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছে। বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ, আর এই যুগে শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ রাখা যথেষ্ট নয়। বরং প্রয়োজন তাদের নৈতিকতা, প্রযুক্তি, সৃজনশীলতা এবং মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তোলা। আমাদের প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশে বিশ্বাসী। দক্ষ শিক্ষকবৃন্দ, আধুনিক শিক্ষা উপকরণ, এবং শিক্ষাবান্ধব পরিবেশের মাধ্যমে আমরা আগামী প্রজন্মকে প্রস্তুত করছি একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও প্রগতিশীল সমাজ গঠনের জন্য। এই ওয়েবসাইটের মাধ্যমে অভিভাবক, শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আমি বিশ্বাস করি। আসুন, আমরা সকলে মিলে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে একযোগে কাজ করি।

- প্রধান শিক্ষক
গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়